ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ বিশ্বে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেদারল্যান্ডের লাক্সারি ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস । ওই ক্রুজ শিপ অবশেষে তীরে ভিড়েছে। স্পেনের ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছে ওই জাহাজ। ভিতরে থাকা ভারতীয় সহ বাকি যাত্রীদের কী অবস্থা? কারণ ওই জাহাজ বহন করে নিয়ে চলছে হান্টা ভাইরাসকে । হান্টাভাইরাস আগেও ছড়ালেও, এইবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে এর মারণ স্ট্রেইন। হান্টাভাইরাসের অ্যানডেস স্ট্রেইন ছড়িয়ে পড়েছে ওই জাহাজে। হান্টাভাইরাসের এই স্ট্রেইনই মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ছড়াতে সক্ষম।
সূত্রের খবর, ১৫৭ জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে নোঙর করে। আন্তর্জাতিক জনস্বাস্থ্য প্রোটোকল মেনে সেই জাহাজ থেকে যাত্রীদের নামানো হয়। বর্তমানে তাদের চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হচ্ছে। স্পেনের প্রশাসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠান গোটা বিষয়টির উপরে নজর রাখছে।
স্পেনে ওই মারণ ভাইরাস বহন করা জাহাজ নোঙর করতেই মাদ্রিদে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, এই লাক্সারি ক্রুজ শিপে থাকা দুইজন ভারতীয় সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাদের শরীরে হান্টাভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি এখনও পর্যন্ত। আপাতত প্রোটোকল মেনেই তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মূলত, ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। মূলত ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা দীর্ঘক্ষণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে থাকলে মানবদেহেও সংক্রমণ ছড়ায়।


















