ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ এবার ভারতের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিল নেপাল সরকার । ভারত থেকে বহু পর্যটক নেপালে প্রতিদিন প্রতিনিয়ত ঘুরতে যান , আর তার জন্যই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।
ভারতীয়দের উপর একটি নতুন নিয়ম আরোপ করলেন বালেন শাহ। আগে সাধারণত ভারত থেকে নেপালে ঘুরতে গেলে ভারতীয়দের ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য সব রকম প্রমাণ পত্র দেখানো বাধ্যতামূলক ছিল না! তবে এবার সেটাই বাধ্যতামূলক করা হচ্ছে। বলা হয়েছে, ভারতীয়রা নেপালে প্রবেশ করতে গেলে তাদের পরিচয় পত্র দেখাতেই হবে। একইভাবে নেপাল থেকে যারা ভারতে প্রবেশ করবেন তাঁদেরকেও পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।
মূলত অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় ভারতীয়দের নেপালে প্রবেশের ক্ষেত্রে বৈধ পরিচয় পত্র বাধ্যতামূলক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। শনিবার, নেপালের প্রশাসন এই নতুন নিয়ম কার্যকর করতেই গোটা দিন জোগবানির ভারত-নেপাল সীমান্তে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। পরিচয় পত্র কড়াকড়িভাবে পরীক্ষা করার ফলে সীমান্তে যানবাহন থেকে শুরু করে পথচারীদের দীর্ঘ লাইন পড়েছিল। কলকাতা থেকে যাওয়ার ট্রেন জোগবানি স্টেশনে পৌঁছতেই বিপুল সংখ্যক যাত্রী নেপালে যাওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন। পরবর্তীতে নেপালের পুলিশ কর্মীরা পরিচয় পত্র পরীক্ষা করে তবেই প্রত্যেককে নেপালে প্রবেশের অনুমতি দেন। এমনকি ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাওয়া যেসব ব্যক্তিরা নিজেদের পরিচয় পত্র দেখাতে পারেননি তাঁদের সীমান্ত থেকেই আবার ফিরিয়ে দেওয়া হয়েছে ।




















