ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ গরমের তাপ অনুভব হতে না হতেই বঙ্গে মাঝে মাঝেই বৃষ্টির প্রভাব দেখা দিচ্ছে । সকালে রোদ বিকালে বৃষ্টি, এ যেন রোজকার ছবি হয়ে গিয়েছে বাংলার বড় অংশে। এবার নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে । মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খন্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখাই আবার মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়ের উপর দিয়ে এসেছে ।
তবে শুধু উত্তরবঙ্গে নয় নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব থাকবে। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে ক্রমশ শুষ্ক হবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও ফিরবে দক্ষিণবঙ্গে। এদিন পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবগে ঝড়ের পূর্বাভাস থাকছে। বাকি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।



















