ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল মঙ্গলবার নবান্নে IAS অফিসারদের সঙ্গে প্রথম বৈঠকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার উপর জোর দিলেন। ১৯৯০ ব্যাচের এই পোড়খাওয়া আমলা স্পষ্ট বার্তা দেন, ‘কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না, আপনারা আইএএস অফিসার। নিজের দায়িত্ব পালন করে যান।’ তাঁর এই মন্তব্যে আমলাতন্ত্রে নতুন জমানার ইঙ্গিত স্পষ্ট।
মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার পর মনোজ আগরওয়াল বলেন, রাজনৈতিক দাসত্ব ঝেড়ে ফেলে কেবল নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্যে এতদিন থমকে ছিল, তা দ্রুত চালু করতে হবে। সেই সঙ্গে বিজেপির ‘সংকল্প পত্রে’র ঘোষণাগুলি বাস্তবায়নে প্রতিটি দফতরকে দ্রুত পরিকল্পনা তৈরির নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, এর আগে সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ ছিল, গরু, কয়লা ও বালি পাচার নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। প্রোমোটারি ক্ষেত্রে কোনও সিন্ডিকেট রাজ বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। নতুন মুখ্যসচিবের এই বার্তা মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত প্রশাসনের ঘোষণারই প্রতিধ্বনি বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারি জমি জবরদখল ও বেআইনি নির্মাণ রুখতেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা বিগত জমানার আধিকারিকদের প্রতি এক প্রচ্ছন্ন সতর্কতা।





















