ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণার পর এবার অরুণাচল প্রদেশ সরকারও তাদের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একই পথে হাঁটল। রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অরুণাচল প্রদেশের সরকারি কর্মীরা এতদিন যে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন, তা বেড়ে ৬০ শতাংশে দাঁড়াবে।
এই বর্ধিত মহার্ঘ ভাতা ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) থেকে জারি করা এক সরকারি বিবৃতি অনুযায়ী, ডিএ এবং ডিআর (Dearness Relief) বৃদ্ধির এই সিদ্ধান্তে রাজ্য সরকারের কোষাগারের উপর আনুমানিক ১০০.৫৪ কোটি টাকার আর্থিক বোঝা চাপবে। এই পদক্ষেপের ফলে রাজ্যে কর্মরত হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী সহ একাধিক স্তরের কর্মীরা সরাসরি উপকৃত হবেন।
সরকারের এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে, যা জানুয়ারি থেকে ৬০ শতাংশ হারে কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্যও তাদের কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ১৮ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেকটাই কম। অন্যান্য রাজ্যের ডিএ বৃদ্ধির খবরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার কবে তাঁদের দাবি পূরণ করবে, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁরা।


















