ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানিয়েছেন, জুন মাস থেকেই রাজ্যের মহিলারা এই প্রকল্পের আওতায় মাসে ৩ হাজার টাকা করে পাবেন।
শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নতুন মন্ত্রিসভার বৈঠক হয়। এরপরই নবান্নের বাইরে এসে বিধায়ক আনন্দময় বর্মণ এই সুখবর দেন। তিনি জানান, নির্বাচনী প্রচারে দেওয়া বিজেপির সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে।
উল্লেখ্য, পাঁচ বছর আগে তৎকালীন তৃণমূল সরকার মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছিল। বর্তমানে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১৭০০ টাকা এবং অন্য মহিলাদের ১৫০০ টাকা দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না। এর পরেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রশ্ন ওঠে। বিধায়ক আনন্দময় বর্মণের ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটল। তিনি আরও জানান, জুন মাস থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু হবে।


















