ব্যুরো নিউজ, ১২ই মে২০২৬ঃ কম বাজেটে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল আইটেল ইন্ডিয়া। সম্প্রতি বাজারে লঞ্চ করা হয়েছে তাদের নতুন মডেল Itel A100C New, যার দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯৯ টাকা। কোম্পানির দাবি, এটি ভারতের অন্যতম সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য স্মার্টফোন, যা দৈনন্দিন ব্যবহারের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম।
এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির বিশাল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz। এর ফলে ভিডিও দেখা বা কলিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে। বিশেষ আকর্ষণ হিসেবে এতে আইফোনের মতো ‘ডাইনামিক বার’ ফিচার্স যোগ করা হয়েছে, যা ব্যাটারি স্ট্যাটাস, কল অ্যালার্ট এবং নোটিফিকেশন সুন্দরভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলবে। Itel A100C New-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর স্থায়িত্ব।
কোম্পানি জানিয়েছে, ফোনটি মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও সহজে নষ্ট হবে না। এই বাজেটের ফোনে এমন স্থায়িত্ব সচরাচর দেখা যায় না। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে অক্টাকোর ইউনিসক (Unisoc) T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে চলবে। মেমরি হিসেবে রয়েছে ২জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি ৪জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা, অর্থাৎ মোট ৬জিবি র্যাম। এছাড়াও ৬৪জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে। ফটোগ্রাফির জন্য এতে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং উন্নত মানের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য ফোনটিতে ৫০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।




















