ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-কে বেড়া তৈরির জন্য জমি বরাদ্দ করা হবে। অনুপ্রবেশ রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বাম জামানা থেকেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি বড় সমস্যা, যা তৃণমূল আমলেও অব্যাহত ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর এই বিষয়ে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল।
তবে এই সিদ্ধান্তের পরই ওপার বাংলা থেকে এসেছে কড়া বার্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ফেডারেলিজম ইনস্টিটিউটের বরাত দিয়ে স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না। তিনি আরও বলেন, ভারত সরকার যদি প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব চায়, তাহলে সীমান্ত সুরক্ষায় নমনীয় মনোভাব দেখাতে হবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাইছে, যা বাংলাদেশ সরকার মেনে নেবে না। তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে না চাইলেও, সম্পর্ক কেন্দ্র সরকারের সঙ্গেই বলে তিনি উল্লেখ করেন।
হুমায়ুন কবির সতর্ক করে বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না হলে বাংলাদেশ চুপ থাকবে না এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে না। প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ তার প্রতিবেশী আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বর্ডার গার্ড বাংলাদেশকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, যাতে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত থাকে। রাজ্য সরকারের তরফে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।





















