ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের একটি অডিয়ো ক্লিপ ঘিরে বর্ধমানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ওই ক্লিপে তাঁকে নিজেকে ‘আমি এখন বিজেপি নেতা’ বলতে শোনা যাচ্ছে। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খোকন দাস এবারের নির্বাচনে পরাজিত হন। এরপরই তাঁর একটি কথোপকথনের অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ওই ক্লিপে খোকন দাসকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “শোন আমিও বিজেপি নেতা এখন, সেটা নিয়ে ভাবিস না।” এই মন্তব্যের সূত্রপাত বর্ধমান শহরের ২৪ নম্বর ওয়ার্ডের একটি দুর্গামন্দির সংস্কারের কাজ নিয়ে। সেই কাজের পাওনা টাকা নিয়ে যিনি কাজটি করিয়েছিলেন, তাঁর সঙ্গে খোকন দাসের ঘনিষ্ঠ এক ব্যক্তির বিবাদ চলছিল। সেই সূত্রেই ফোনে খোকন দাসের সঙ্গে ওই মিস্ত্রির কথা হয়। সেই কথোপকথনের শেষের দিকেই প্রাক্তন বিধায়ক এই বিস্ফোরক মন্তব্যটি করেন।
যদিও প্রাক্তন বিধায়ক অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করলেও, ‘বিজেপি নেতা’ হওয়ার প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন। তাঁর দাবি, এগুলি ব্যক্তিগত কথোপকথন। অন্যদিকে, বিজেপির জেলা মুখপাত্র কল্যাণ মাঝি বলেন, “এই অডিয়ো ক্লিপ থেকেই খোকন দাসের দখলদারি মনোভাব স্পষ্ট হয়েছে। যাঁরা ভাবছেন আগামী দিনে বিজেপিতে এসে নেতা হয়ে যাবেন, তাঁদের সাবধান হওয়া উচিত।” এই ঘটনা বর্ধমানের রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে।





















