ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের হাত ধরে অবশেষে চালু হল কেন্দ্রের বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত প্রকল্প। নবান্ন থেকে প্রথম সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আজ থেকে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় এল পশ্চিমবঙ্গ। দরিদ্র ও প্রবীণ নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে এই প্রকল্পে।
জানা গেছে, রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আইরিশ মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, বি পি পোদ্দার হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড, ডিসান হাসপাতাল হার্ট ইউনিট, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, রুবি জেনারেল হাসপাতাল লিমিটেড এবং এসকাগ সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, যাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, যারা কাঁচা বাড়িতে বা এক কামরার ঘরে থাকেন, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই প্রকল্পের আওতাভুক্ত। এছাড়াও, ৭০ বছর বা তার ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তবে, প্রবীণ ব্যক্তিরা বাদে যাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি অথবা যারা ইতিমধ্যেই CGHS, ECHS, CAPF-এর মতো কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের যেকোনো একটি প্রকল্প বেছে নিতে হবে। এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।





















