ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ ফর্মে ফিরেও স্বস্তি নেই অক্ষর প্যাটেলের, স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ৩০ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। মিডল অর্ডারে ডেভিড মিলারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটি দিল্লিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। কিন্তু এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া শাস্তির মুখে পড়তে হলো এই তারকা অলরাউন্ডারকে।
আইপিএল কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, স্লো ওভার রেটের কারণে অক্ষর প্যাটেলকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএল-এর আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছে দিল্লি ক্যাপিটালস। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মরশুমে দিল্লির এটি প্রথম স্লো ওভার রেট সংক্রান্ত অপরাধ। তাই দলের ক্যাপ্টেন হিসেবে অক্ষর প্যাটেলকে এই জরিমানা দিতে হচ্ছে।
বলা বাহুল্য, এর আগে স্লো ওভার রেটের জন্য বোর্ডের শাস্তির মুখে পড়েছেন শ্রেয়স আইয়ার, শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড়ের মতো একাধিক অধিনায়ক। সেই তালিকায় এবার নাম জুড়ল অক্ষরের। এই শাস্তির ফলে ফর্মে ফেরা সত্ত্বেও অক্ষরের ব্যক্তিগত স্বস্তিতে কিছুটা হলেও ছেদ পড়ল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে ১২ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছেছে দিল্লি। বাকি দুই ম্যাচ জিতলেও তারা ১৪ পয়েন্টে পৌঁছবে। তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় (-০.৯৯৩) দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অন্যদিকে, টানা চার ম্যাচ হেরে পাঞ্জাব কিংসের প্লে-অফের রাস্তা আরও কঠিন হয়ে পড়ল।





















