ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে NEET UG 2026 পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩ মে অনুষ্ঠিত এই প্রবেশিকা পরীক্ষাটি দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করত। NTA মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে প্রাপ্ত তথ্য এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির তদন্তের ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকে।
NTA আরও জানিয়েছে যে, বাতিল হওয়া পরীক্ষাটি নতুন করে আবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার নতুন তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশের সময়সূচি শীঘ্রই সংস্থার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং কোনো অতিরিক্ত ফিও নেওয়া হবে না। ইতিমধ্যেই জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। CBI এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করবে। NTA তদন্তে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে একটি পিডিএফ ফাইল ছড়িয়ে পড়ার খবর NTA-এর কাছে আসে এবং তারা তদন্তকারী সংস্থাগুলিকে বিষয়টি জানায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে ‘নীট নিলাম’ বলে অভিহিত করে সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, “যেখানে পরীক্ষার আগেই নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে, অথচ ২২ লক্ষ শিক্ষার্থী সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের বিশ্বাস ভেঙ্গে গেছে আর ভারতের যুবসমাজের স্বপ্নের প্রতি মোদী সরকারের চেয়ে বড় হুমকি আর কেউ নয়।”




















