ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় সোমবার থেকে শুরু হয়েছে দপ্তর বণ্টন প্রক্রিয়া। নবান্নে আয়োজিত এক বৈঠকে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের মধ্যে দপ্তর বন্টন করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের ভার গ্রহণ করেছেন। আদিবাসী বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হাতে খাদ্য দপ্তর তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং দপ্তর বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ করার উপর জোর দেন এবং আগামী এক মাসের মধ্যে সকল বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকের ডাক দেন। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ গ্রহণ করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। আশা করা হচ্ছে, বুধবারের মধ্যে বাকি মন্ত্রীদের নাম এবং তাঁদের দপ্তরও ঘোষণা করা হবে। এই নতুন মন্ত্রিসভার রাজ্য পরিচালনায় কী পরিবর্তন আসে, সেদিকেই এখন তাকিয়ে সকলে।



















