ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ যাত্রীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় রেল। এবার থেকে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের আরেকটা স্টপেজ বাড়ল। এবার থেকে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস লখিসরাই স্টেশনেও থামবে। যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং সুবিধার কথা মাথায় রেখেই রেলওয়ে বোর্ড এই নতুন স্টপেজ মঞ্জুর করেছে।এই সিদ্ধান্তে একদিকে যেমন যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে, তেমনই লখিসরাই অঞ্চলের বাণিজ্যিক ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি উভয় দিকেই লখিসরাই স্টেশনে দু মিনিটের জন্য থামবে। রেলওয়ে কর্তৃপক্ষ শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রী সংগঠন লখিসরাইতে এই ট্রেনটির স্টপেজের দাবি জানিয়ে আসছিল। জনস্বার্থ ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে বোর্ড অবশেষে সেই দাবি মেনে নিয়েছে।
নতুন স্টপেজ যুক্ত হওয়ার পর হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ বিরতিস্থলগুলির তালিকা হল: হাওড়া, দুর্গাপুর, আসানসোল, জসিডিহ, লখিসরাই (নতুন স্টপেজ), মোকামা এবং পাটনা। রেল কর্মকর্তাদের মতে, লখিসরাই একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় মুঙ্গের এবং গয়াগামী যাত্রীরা এই নতুন স্টপেজের ফলে বিশেষ সুবিধা পাবেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে, স্টেশনগুলির টিকিটিং ব্যবস্থায় শীঘ্রই লখিসরাইয়ের নাম যুক্ত করা হবে, যা যাত্রীদের যাতায়াতকে আরও সুবিধাজনক করে তুলবে।



















