ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ডায়মন্ড হারবার থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের বাইরে এটি ছিল তাঁর প্রথম বৈঠক। এই বৈঠকের পরই রাজ্যের শাসন ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তিনি স্পষ্ট জানান, “এতদিন শাসকের আইন ছিল, এবার আইনের শাসন চলবে।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পুলিশ চলবে। গত বছর যারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, তাঁদের তথ্যপ্রমাণ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
পাশাপাশি, পুলিশি অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিরাও নতুন করে অভিযোগ জানাতে পারবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের উপর হওয়া অত্যাচারের অভিযোগও গুরুত্ব সহকারে দেখা হবে। শুভেন্দু অধিকারী অটো ও টোটোতে তোলাবাজি বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন। কেউ টাকা চাইলে থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা বলেছেন তিনি। বৈধ রসিদ ছাড়া কোনো টাকা আদায় করা যাবে না। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে গিয়ে কেউ ঘুষ চাইলে বা আরটিজিএস/পেটিএম-এর মাধ্যমে টাকা দিয়ে থাকলে, সেই তথ্য প্রমাণ সহ অভিযোগ জানালে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তবে মিথ্যা মামলা না করার বিষয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্মীদের কল্যাণেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
১৫ বছরের বেশি সময় ধরে কর্মরত মহিলা পুলিশ কর্মীদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পূর্বতন ওয়েলফেয়ার কমিটি ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী যাতে আরও দু’মাস রাজ্যে থাকে, সে বিষয়ে কেন্দ্রকে অনুরোধ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই বৈঠকে মুখ্যসচিব, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনাররা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।










