ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ আফ্রিকার মাটিতে বড় সাফল্য পেল আমেরিকা। মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, “ও আর সন্ত্রাস ছড়াতে পারবে না।” এই অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর মিনুকির অবস্থান শনাক্ত করা হয়। এরপর অত্যন্ত গোপনীয় ও জটিল পরিকল্পনার মাধ্যমে অভিযান চালানো হয়। ট্রাম্প এটিকে “সময়সাপেক্ষ এবং অত্যন্ত সূক্ষ্ম অপারেশন” বলে বর্ণনা করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মিনুকি আফ্রিকার বিভিন্ন আমেরিকান দূতাবাস ও নাগরিকদের উপর হামলার একাধিক পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আইএসের পশ্চিম আফ্রিকা শাখার সামরিক ও কৌশলগত কার্যকলাপ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ২০২৩ সালে সোমালিয়ায় আইএস নেতা বিলাল আল সুদানির মৃত্যুর পর এটি আফ্রিকায় পেন্টাগনের অন্যতম বড় সাফল্য। নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাইনুক এলাকায় ১৯৮২ সালে জন্ম মিনুকির। মার্কিন বিদেশ দফতর ২০২৩ সালের জুন মাসে তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল। বর্তমানে নাইজেরিয়া ও লেক চাদ অববাহিকা অঞ্চলে সক্রিয় ‘আইএস ওয়েস্ট আফ্রিকা স্টেট’-এর প্রধান ছিলেন মিনুকি। বিশেষজ্ঞদের মতে, মিনুকির মৃত্যু আইএসের পশ্চিম আফ্রিকা শাখার জন্য বড় ধাক্কা হলেও এই যৌথ অভিযান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল।










