ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এবার ট্রেনের টিকিট কনফার্মেশন নিয়ে যাত্রীদের আর অনিশ্চয়তায় ভুগতে হবে না। রেল মন্ত্রকের নতুন অ্যাপ ‘রেলওয়ান’-এ যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর এক বিশেষ ফিচার, যা টিকিট কাটার আগেই জানিয়ে দেবে আপনার ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা। এই নতুন সংযোজন ব্যস্ত রুটের যাত্রীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। রেলওয়ানে যখনই কোনও যাত্রী ওয়েটিং লিস্টে থাকা ট্রেনের টিকিট কাটতে যাবেন, তখন সিস্টেম নিজে থেকেই পূর্ববর্তী বুকিং ট্রেন্ড, টিকিট বাতিলের ধরণ, আসন ও রুটের চাহিদা সংক্রান্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। এই বিশ্লেষণের উপর ভিত্তি করে এআই জানিয়ে দেবে যে টিকিটটি কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না।
রেলের তরফে জানানো হয়েছে, এই প্রেডিকশন সিস্টেমের নির্ভুলতার হার এখন ৯৪ শতাংশে পৌঁছেছে, যা আগে ৫৩ শতাংশ ছিল। এই ফিচারের ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকলে তাঁরা অন্য ট্রেনে টিকিট কাটতে পারবেন, ফলে শেষ মুহূর্তে বাতিল বা আর্থিক ক্ষতি এড়ানো যাবে। ‘রেলওয়ান’ অ্যাপে রিজার্ভ, জেনারেল ও প্ল্যাটফর্ম টিকিট বুকিং, অভিযোগ দায়ের এবং ট্রেন ট্র্যাকিংয়ের মতো একাধিক পরিষেবাও পাওয়া যায়। ভারতীয় রেলের এই স্মার্ট পদক্ষেপ নিঃসন্দেহে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও মসৃণ ও স্বচ্ছন্দ করবে।










