ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র কয়েকদিন জ্বরে ভুগে লিভারের জটিল সংক্রমণে প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার রাতে চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে ঢাকাই বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে খবর, সাধারণ জ্বর দিয়ে শুরু হলেও দ্রুত তাঁর শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। চিকিৎসকেরা জানান, হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-এর যৌথ সংক্রমণে কারিনার লিভারের কার্যক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে চেন্নাইয়ে আনা হয়। সিএমসি হাসপাতালে চিকিৎসকেরা তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে চিরবিদায় নেন এই তরুণী শিল্পী। শনিবার গভীর রাতে কারিনার বাবা কায়সার হামিদ সোশ্যাল মিডিয়ায় মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।” বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সারের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। সাম্প্রতিক সময়ে তিনি একাধিক নাটক ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এক তরুণীর এমন অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে শোকের আবহ।










