[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না নিজেই। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার বাড়িটাও জ্বালিয়ে দিল’। তাঁর আক্ষেপ, এমনটা হবে জানলে তিনি ভোটে দাঁড়াতেন না। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্বপ্না, যদিও তিনি জিততে পারেননি।

জানা গিয়েছে, জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্নাদের দুটি বাড়ি রয়েছে। অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজগঞ্জে তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপ্নার পুরনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই বাড়িতে অবশ্য কেউ থাকেন না। সেসময় বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ জানান, স্বপ্না কাঁদতে কাঁদতে তাঁকে ফোন করে বাড়ির আগুন লাগার কথা জানিয়েছেন। দলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি দেখতে বলা হয়েছে এবং পুলিশ সুপারকেও জানানো হয়েছে।

অন্যদিকে, রাজগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার এই ঘটনায় দলের কোনও যোগ অস্বীকার করেছেন এবং পুলিশের উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। তবে, জলপাইগুড়ি পুলিশ সুপার আর অমরনাথ কে জানিয়েছেন, স্বপ্না বর্মনের পুরনো বাড়ির রান্নাঘরের পাশে কিছু জ্বালানি কাঠ রাখা ছিল। কোনওভাবে তাতে আগুন লেগে যায়। আশেপাশের কিছু জিনিসপত্র পুড়েছে, তবে বাড়ির তেমন কোনও ক্ষতি হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বপ্নার দাবি এবং পুলিশের প্রাথমিক তদন্তের রিপোর্ট ভিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর