ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে অবশেষে বড় পদক্ষেপ করল সিবিআই। কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ জড়িত এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার দুর্নীতির তদন্তে মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুণে থেকে পিভি কুলকার্নি নামে এক কেমিস্ট্রি অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে, যিনি গোপনে নিট পরীক্ষার প্রশ্ন আগেভাগেই কিছু পরীক্ষার্থীর হাতে তুলে দিতেন বলে অভিযোগ।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত অধ্যাপক কুলকার্নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র সঙ্গে যুক্ত ছিলেন এবং বহু বছর ধরে নিট পরীক্ষার প্রশ্ন প্রণয়নের প্যানেলের সদস্য ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়েই তিনি প্রশ্নপত্রের গোপন তথ্য সংগ্রহ করতেন। অভিযোগ, ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার আগেই তিনি নির্বাচিত কিছু পরীক্ষার্থীর কাছে প্রশ্ন পৌঁছে দেন। এপ্রিল মাসের শেষের দিকে তিনি ‘স্পেশাল ক্লাস’-এর আয়োজন করেন, যেখানে পরীক্ষার্থীদের সম্ভাব্য প্রশ্ন, অপশন এবং উত্তর মুখে মুখেই জানিয়ে দেওয়া হত।
তদন্তকারীদের দাবি, এই বিশেষ ক্লাস করার জন্য পড়ুয়ারা লক্ষাধিক টাকা দিত। পড়ুয়ারা সেই প্রশ্ন নোট করে পরীক্ষায় বসে হুবহু এক প্রশ্ন দেখতে পেত। এই ঘটনায় তাঁর সহযোগী হিসেবে মনীষা বাঘমারের নামও সামনে এসেছে, তাঁকেও গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গোটা চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করত। এখনও পর্যন্ত এই মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নফাঁসের জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে সিবিআই।










