ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে। এখন থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কোনও সঞ্চয় প্রকল্পে টাকা জমা দেওয়া বা তোলার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। আয়কর আইন ২০২৬-এর নতুন বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হল আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনা এবং কর ফাঁকি রোধ করা।
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও গ্রাহকের প্যান কার্ড না থাকে, তবে লেনদেনের জন্য তাকে ফর্ম ৯৭ পূরণ করতে হবে। এতদিন প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ জমা দিতে হতো, যা এখন বাতিল করা হয়েছে। ফর্ম ৯৭-এর সাথে আমানতকারীর নাম, ঠিকানা, লেনদেনের ধরন এবং পরিচয় যাচাইকরণের সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর ফলে প্যান নম্বর ছাড়া করা লেনদেনগুলিও করের আওতায় আনা সম্ভব হবে। এছাড়াও, পোস্ট অফিসের সুদের উপর টিডিএস (TDS) কাটা বন্ধ করার জন্য প্রবীণ নাগরিক এবং সাধারণ করদাতাদের জন্য ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হয়েছে।
আগে এই উদ্দেশ্যে ফর্ম ১৫জি এবং প্রবীণ নাগরিকদের জন্য ফর্ম ১৫এইচ জমা দিতে হতো। তবে এখন থেকে এই দুটি ফর্মের পরিবর্তে ফর্ম ১২১ জমা দিতে হবে। ভারতীয় ডাক বিভাগের এই নতুন নিয়মগুলি দেশের আর্থিক ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনবে বলে মনে করা হচ্ছে।










