ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ডের ফাইল কি আবার খুলছে? এই প্রশ্ন তুলে সম্প্রতি সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক অরিজিত্ সিং। ১৬ই মে দুপুরে তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এই পোস্টটি ভেসে ওঠে, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর ঠিক একদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডের ফাইল পুনরায় খোলা হবে। সেই ঘটনায় জড়িতদের ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন। শুভেন্দুর এই ঘোষণার পরই অরিজিতের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডের সময় অরিজিত্ সিং এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন এবং ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। তাঁর সেই সময়ের পোস্টে পরোক্ষভাবে সরকারের দিকেই নিশানা করা হয়েছিল। তিনি লিখেছিলেন, “আমার গান বন্ধ হয়ে গিয়েছে। আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” অরিজিত্ আরও লেখেন, “আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারও সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার, সবারই মনে পরিণতির ভয়।”
এমনকি, তিনি একটি গানও তৈরি করেছিলেন যার কথা ছিল, “জমেছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ততা হাজার…আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে?” দীর্ঘদিন পর যখন এই ঘটনার তদন্ত নতুন করে শুরু হওয়ার কথা সামনে এল, তখনই গায়কের এই মন্তব্য তাঁর অনুরাগীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। অরিজিত্ সিংয়ের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট আবারও আরজি কর কাণ্ডকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মানুষ অধীর আগ্রহে এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।










