ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ভারতের নাগরিক জীবনে আধার কার্ড এক অবিচ্ছেদ্য অংশ। পরিচয় প্রমাণ থেকে শুরু করে সরকারি প্রকল্প, ব্যাংকিং পরিষেবা, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি—সবক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা অপরিসীম। এই আবহে আধার পরিষেবায় বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। পুরনো mAadhaar অ্যাপটি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় আসছে একটি নতুন, উন্নত অ্যাপ, যা ব্যবহারকারীদের জন্য ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে।
UIDAI-এর তরফে একটি এক্স পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, mAadhaar অ্যাপের পরিষেবা পুরোপুরি বন্ধ হতে চলেছে। এর ফলে পুরনো অ্যাপে উপলব্ধ কিছু বিশেষ সুবিধা, যা এতদিন ব্যবহারকারীরা পেতেন, তা আর পাওয়া যাবে না। এই পদক্ষেপের কারণ হিসেবে UIDAI জানিয়েছে যে নতুন আধার অ্যাপটি স্মার্ট, দ্রুত এবং আরও সুরক্ষিত অভিজ্ঞতা দেবে। এই নতুন অ্যাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো QR কোড নির্ভর আধার শেয়ারিং অপশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং আধার পরিষেবা আরও মসৃণ হবে। নতুন অ্যাপের সবথেকে বড় সুবিধা হলো QR নির্ভর পরিচয় যাচাই পদ্ধতি। আধার নম্বর, ফোন নম্বর, জন্মতারিখ বা ঠিকানা সরাসরি না দেখিয়েও শুধুমাত্র QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে আধার যাচাই করা সম্ভব হবে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে এবং তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ জানুয়ারি UIDAI আধার অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করেছিল, যার ধারাবাহিকতায় এই পরিবর্তন আনা হচ্ছে। UIDAI-এর এই পদক্ষেপ ডিজিটাল আধার পরিষেবা আরও নিরাপদ ও কার্যকরী করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা আধার ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।










