ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ দায়িত্ব নেওয়ার আগেই ‘আমি’ নয়, ‘আমরা’তেই জোর দিলেন শুভেন্দু। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন হলে বঙ্গবাসীর উদ্দ্যেশ্যে বক্তব্য রাখার সময় এমনটাই বললেন বাংলার হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই তিনি এই জয়ের কৃতিত্ব ‘দলের জন্য প্রাণপাত করা প্রত্যেক বিজেপি কর্মী’কে দিলেন । পাশাপাশি শুভেন্দুর কথায় বারবার উঠে এল, অমিত শাহ, শমীক ভট্টাচার্য, বাংলার বিচারধারা সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের প্রসঙ্গ। তিনি বলেন, “আগামী বিধায়ক দল বিচারধারা সঙ্গে যুক্ত লোক সংকল্পপত্রের প্রত্যেকটা সংকল্প সময়ের মধ্যে পূরণ করা হবে। আমাদের মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ।”
মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু কী কী করবেন, সেটাও এদিন স্পষ্ট করেন। তিনি প্রথমেই বলে দেন, “বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যারা সরকারি অর্থ নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।” সন্দেশখালি, আরজি করকাণ্ডের তদন্তে কমিশন বসবে বলেও তিনি জানিয়ে দেন।



















