ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি সন্দীপ মালিক নামে ওই বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তারকেশ্বরের মির্জাপুর এলাকায়।
বিজেপি কর্মী সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা জানান বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মির্জাপুর এলাকায় বাড়ি বাড়ি অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম বিলি করতে বেরিয়ে ছিলেন সন্দীপ। দুপুর দু’টো নাগাদ বাড়ি থেকে তিনশো মিটার দূরে কৃষি জমিতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।তাঁরাই তাঁকে উদ্ধার করেন। কিন্তু অবস্থার অবনতি হলেও ঝড়-বৃষ্টির কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিন সকালে প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তাঁকে আরামবাগ মুহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
সন্দীপের পরিবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন , তাদের বক্তব্য এলাকার চারজন তৃণমূল নেতাই তাঁদের ছেলেকে বেধড়ক মেরেছে। ওই নেতাদের নামে থানায় অভিযোগও জানায় সন্দীপের পরিবার। ঘটনায় তারকেশ্বর থানার পুলিশের হাতে ৬ তৃণমূল কর্মী গ্রেফতারও হয়েছেন বলে জানা যাচ্ছে। চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়।



















