ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ ভোটের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে, বাংলার মসনদে বসতে গেলে বাঙালির ঐতিহ্যকে বজায় রাখতে হবে। আর সেই লক্ষ্যেই আগামী পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান নিছকই কোনও প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং একে এক সাংস্কৃতিক মহোৎসবের রূপ দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।
অনুষ্ঠানের সূচনা হবে রবীন্দ্রসংগীতের সুরের মূর্ছনায়, যা বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি করবে।নির্বাচনী প্রচারে অমিত শাহ কথা দিয়েছিলেন, ফল ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রীকে সীতাভোগ খাওয়াবেন। এমনকি নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি খেতে দেখা গিয়েছিল। আর বাঙালির প্রতি সেই আবেগকে ধরে রাখতেই শপথ গ্রহণ অনুষ্ঠানের মেনুতে থাকছে এলাহি আয়োজন, রয়েছে ঝালমুড়ি, জিআই ট্যাগ প্রাপ্ত বর্ধমানের বিখ্যাত সীতাভোগ এবং মিহিদানা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতির পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলার বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক, ক্রীড়াবিদ এবং রূপোলি পর্দার তারকাদের। উপস্থিত থাকবেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরতে পরতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। জানা গিয়েছে, ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অনেককেই। রবীন্দ্রসঙ্গীত বাজবে।



















