ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ শনিবার ৯ই মে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ হবে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি । আর সেই অনুষ্ঠান যাতে বাধা বিপত্তি ছাড়াই হয় সেই জন্য আগে থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ।
কাল নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠান। আর সেখানে কোনোরকম সমস্যার সৃষ্টি যাতে না হয় তার জন্য সমস্তরকম পদক্ষেপ নিতে রাজি পুলিশ প্রশাসন । ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী, রাজধানীর কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনস্ওয়ে।তা ছাড়া শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টে পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে। যেমন এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাক-সব্জি, ওষুধপত্র, মাছ, ফল, দুধ ভর্তি গাড়ির ছাড়পত্র থাকবে।
শনিবার শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। যেমন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্শ্বস্থ রাস্তা, যেমন, এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, লাভার্স লেন ইত্যাদি রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। পরিস্থিতির উপর নির্ভর করছে, শনিবাভ যান চলাচলের ক্ষেত্রে আরও কিছু নিয়ন্ত্রণ আনা হবে কি না।




















