ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শুরু হল। বুধবার বিধানসভার অন্দরে এক উৎসবের মেজাজ দেখা যায়। প্রোটেম স্পিকার তাপস রায়ের উপস্থিতিতে একে একে শপথ নিলেন বিধায়করা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে রাজ্যের দুই হেভিওয়েট নেতার কেন্দ্রবদল। নন্দীগ্রাম ছেড়ে এখন থেকে ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, রেজিনগর ছেড়ে নওদার বিধায়ক হিসেবে যাত্রা শুরু করলেন হুমায়ুন কবীর। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বছরের নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই লড়েন তিনি। রাজনৈতিক সমীকরণে এবার তিনি বেছে নিয়েছেন ভবানীপুরকে। বুধবার বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিলেন তিনি। স্বাভাবিকভাবেই এরপর নন্দীগ্রাম কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ছে, যেখানে আগামী দিনে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীরও এদিন শপথ নিয়েছেন। তবে তাঁর পরিচয় এখন থেকে আর রেজিনগরের বিধায়ক হিসেবে নয়। তিনি এদিন শপথ নিয়েছেন নওদার বিধায়ক হিসেবে। দীর্ঘদিনের চেনা জমি রেজিনগর ছেড়ে নওদার মানুষের প্রতিনিধি হিসেবে এখন থেকে বিধানসভায় সওয়াল করবেন তিনি। এদিন সকাল থেকেই বিধানসভা চত্বরে কড়া নিরাপত্তা ও সাজ সাজ রব ছিল। প্রোটেম স্পিকার তাপস রায় নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর কেন্দ্রবদল রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে নন্দীগ্রামের বদলে ভবানীপুরকে বেছে নেওয়া রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই নতুন সমীকরণ বিধানসভার অন্দরে আগামী দিনে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।










