ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে চিংড়িহাটা মেট্রোর কাজ। বাইপাসের উপর মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি ছিল, যা নিয়ে রাজ্য সরকার ও মেট্রোরেল কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। শুক্রবার (১৫ মে, ২০২৬) থেকে এই নির্মাণ কাজ শুরু হচ্ছে। এর ফলে গড়িয়া-বিমানবন্দর (সেক্টর ফাইভ) রুটের যাত্রীরা দ্রুত পরিষেবা পাবেন।
মেট্রো রেল সূত্রে খবর, প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময়ে চিংড়িহাটা উড়ালপুল ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগামী দুর্গাপুজোর আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। পূর্বতন সরকারের সঙ্গে জমি জট ও যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি না মেলায় কাজ আটকে ছিল দীর্ঘদিন। এমনকি এই নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়, যেখানে আদালত রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ভর্ৎসনাও করেছিল। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিত্যযাত্রীরা।
এই মেট্রো চালু হলে কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত সহজ হবে। চিংড়িঘাটা, সল্টলেক, নিউ টাউন হয়ে মেট্রো সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে। এর ফলে চিংড়িঘাটা ক্রসিংয়ের ভয়াবহ যানজট এড়ানো যাবে। এছাড়াও, কবি সুভাষ স্টেশনে ব্লু লাইন এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ স্থাপন হবে, যা বেলেঘাটা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।










