ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পর সামনে এসেছে লেকটাউনের ফ্ল্যাট কেনাবেচা নিয়ে এক বিস্ফোরক অভিযোগ। ইডির দাবি, বাজারদরের চেয়ে কোটি টাকা কমে ফ্ল্যাট কিনে তার বদলে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার ‘অনৈতিক চুক্তি’ করেছিলেন এই প্রভাবশালী নেতা।
জানা গিয়েছে, শ্রীভূমির কাছে নিজের ও পরিবারের নামে চারটি ফ্ল্যাট কিনেছিলেন সুজিত বসু। চারটি ফ্ল্যাটের মোট বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা, যা তিনি কিনেছিলেন মাত্র ৪৬ লক্ষ টাকায়! অর্থাৎ, প্রতিটি ফ্ল্যাটের দাম গড়ে পড়েছিল সাড়ে ১১ লক্ষ টাকা। বাকি ১ কোটি ১১ লক্ষ টাকার ঘাটতি মেটানো হয়েছিল সরকারি চাকরির মাধ্যমে। অভিযোগ, ফ্ল্যাট বিক্রেতা ডেভেলপার সংস্থার অংশীদার প্রদীপ সিংহ ও তাঁর পরিবারের সদস্যদের দক্ষিণ দমদম পুরসভায় চাকরির নিয়োগপত্র পাইয়ে দিয়েছিলেন সুজিত বসু। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি।
সেই সূত্র ধরেই সুজিত বসুর বাড়ি, অফিস ও তাঁর ছেলের রেস্তোরাঁতেও হানা দেন আধিকারিকরা। ইডির অভিযোগ, লকডাউনের সময় রেস্তোরাঁ বন্ধ থাকলেও তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। সোমবার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে ব্যাংকশাল আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইডি প্রভাবশালী তত্ত্বে সিলমোহর দিয়ে জানিয়েছে, জামিন পেলে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে।










