ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ কলকাতায় যানজট মোকাবিলায় ও বেআইনি পার্কিং রুখতে এবার কড়া পদক্ষেপ নিল লালবাজার। নতুন নিয়ম অনুযায়ী, শহরের নো-পার্কিং জ়োনে বা কলকাতা পুরসভা অনুমোদিত এলাকার বাইরে গাড়ি রাখলে চালকদের ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। শহরজুড়ে সাতাশটি ট্রাফিক গার্ডকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।
লালবাজারের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে রাস্তায় পার্কিং করালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত পার্কিং জ়োনগুলিতেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে – ওয়ান লাইন পার্কিং, ডিসপ্লে বোর্ডে জায়গা ও ফি উল্লেখ এবং ইউনিফর্ম পরা কর্মী। ফেক পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা বন্ধ হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই প্রসঙ্গে বলেন, “রাস্তার দু’পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি থাকবে না। এতে মানুষের সুবিধা হবে। ফেক পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা বন্ধ হবে, যা রাজস্ব দফতরে আসে না।” রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “যেখানে পার্কিং করার কথা সেখানেই গাড়ি রাখতে হবে। বেআইনিভাবে পয়সা তোলা হয়, তাতে সাধারণ জনতার অসুবিধা হয়।”
উল্লেখ্য, এর আগে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও বেআইনি পার্কিং নিয়ে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই নতুন নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।










