ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এবার রাজ্যের স্কুলগুলিতেও বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী প্রকল্প (PM Shri Scheme)। গত ১৫ই মে, ২০২৬ তারিখে নয়া দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় কুমার এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব ধীরাজ সাহু ও অতিরিক্ত মুখ্য সচিব বিনোদ কুমার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই পদক্ষেপকে রাজ্যের শিক্ষা সংস্কারের এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়গুলিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এতদিন কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ কিছুটা দূরত্ব বজায় রাখলেও, এবার পিএম-শ্রী স্কুল প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে। পিএম শ্রী প্রকল্পের আওতায় রাজ্যের নির্বাচিত সরকারি স্কুলগুলিকে অত্যাধুনিক মডেল স্কুলে রূপান্তরিত করা হবে। এই স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষা, আধুনিক গবেষণাগার, সুসজ্জিত গ্রন্থাগার, উন্নত ক্রীড়া সুবিধা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে। পড়ুয়াদের সামগ্রিক বিকাশ, সৃজনশীল চিন্তাভাবনা এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই পরিকল্পনার লক্ষ্য শুধু বিদ্যালয়গুলোর পরিকাঠামো শক্তিশালী করাই নয়, বরং সেগুলোকে উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে আশেপাশের অন্যান্য বিদ্যালয়গুলো তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের শিক্ষার মান উন্নত করতে পারে। এর ফলে বাংলার শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।










