ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দাঁড়িয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে ‘ভাইপো’ সম্বোধন করে তিনি বলেন, “ভাইপো যতদিন ছিল, অবাধে ভোট হয়নি। ভাইপোর আমলে সব অত্যাচারের বিচার হবে।” আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের আগে তাঁর এই আক্রমণ রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
শুভেন্দু অধিকারী তাঁর ভাষণে বলেন, “ভাইপোর জাহাঙ্গির কোথায়? পুষ্পা কোথায়? ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে।” তিনি আরও যোগ করেন, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় মানবাধিকার কমিশন ১৯ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ ঘোষণা করেছিল, যার মধ্যে ‘ভাইপোর জাহাঙ্গির’ ছিল। এই ‘জাহাঙ্গির’ ও ‘পুষ্পার’ দায়িত্ব তিনি নিজে নিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ফলতায় ২৯ এপ্রিলের ভোটে ইভিএম কারচুপি এবং বিজেপির প্রতীকের উপর টেপ লাগানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল, যার প্রেক্ষিতেই ২১ মে পুনর্নির্বাচন হচ্ছে।
এই আবহে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার পুলিশের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, “ভাইপোর পিএ-এর কথায় যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বার করব।” তিনি কল রেকর্ডস এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দেওয়ার নির্দেশ দেন। আরজি কর কাণ্ডে ৪ আইপিএস অফিসারকে সাসপেন্ড করার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আগের মুখ্যমন্ত্রীর ইশারার কথায় যাঁরা প্রমাণ লোপাট করেছেন, তাঁরা সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না।” একইসঙ্গে ফলতার জন্য একটি বিশেষ উন্নয়ন প্যাকেজও ঘোষণা করেন তিনি। এই ঘটনাপ্রবাহ আসন্ন পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে।










