[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধীকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার সকালে ৭৯ বছর বয়সি এই প্রবীণ নেত্রীকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, একটি অস্ত্রোপচারের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও ঠিক কী কারণে এই অস্ত্রোপচার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

গত কয়েক বছর ধরেই সনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ রয়েছে। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চলতি বছরের মার্চ মাসে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তার আগে গত জানুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। সে সময় দিল্লির ঠান্ডা ও দূষণের জেরে তাঁর ফুসফুসের সমস্যা, সামান্য শ্বাসকষ্ট এবং অ্যাজ়মা দেখা দিয়েছিল। চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

২০২৫ সালেও অন্তত তিনবার দিল্লি ও সংলগ্ন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। পেটের সমস্যা এবং রুটিন মেডিক্যাল চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। একবার সিমলার একটি হাসপাতালেও বেশ কিছুদিন ভর্তি ছিলেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে কংগ্রেস কর্মীরা বরাবরই চিন্তিত। রাজ্যসভার সাংসদ হওয়ার আগে পাঁচবার লোকসভার সাংসদ ছিলেন সনিয়া। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তে তাঁর মতামত বরাবরই বিশেষ গুরুত্ব পায়। প্রবীণ এই নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক মহল এবং তাঁর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর