ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ ৯ মে শনিবার, রাজ্যে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করবে । প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করবে । সেই শুভক্ষণের বাকি রয়েছে আর মাত্র কিছু ঘন্টা । তাই শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। মাঠে থাকছে বিভিন্ন ধরনের খাবার স্টল । সেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশ-সহ নানা বাঙালি খাবার রাখা হবে। পাশাপাশি সেখানে আনা হচ্ছে এক বিশাল দুর্গা মূর্তি ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নজরদারি চালানোর জন্য ব্রিগেডে বসানো হবে পর্যাপ্ত সংখ্যক ডোরফ্রেম মেটাল ডিটেক্টর এবং পুলিশকর্মীদের হাতেও থাকবে হ্যান্ড মেটাল ডিটেক্টর। ওই চত্বরে আশেপাশের একাধিক বহুতলের ছাদ থেকে ব্রিগেডের উপর কড়া নজরদারি চলবে এবং ব্রিগেডের বিভিন্ন জায়গায় লাগানো হবে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। ব্রিগেডের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হতে চলেছে প্রায় চার হাজার পুলিশ। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ASI ও কয়েকজন কনস্টেবল। পুরো ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা ।
শুধু তাই নয় দুর্যোগের আশঙ্কায় বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এলাকা জুড়ে । আবহাওয়া দফতর পূর্বাভাস আগামীকাল, শনিবারও সকালে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে কালবৈশাখী। তাই ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে ব্রিগেডে বিপর্যয় মোকাবিলা টিম রাখা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত পাম্পের, যাতে ভারী বৃষ্টি হলে জল তাড়াতাড়ি নেমে যায়। আয়োজকদের দাবি, শনিবার অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে। এছাড়াও ব্রিগেডের চারপাশে তৈরি হচ্ছে মোট ২৫টি প্রবেশদ্বার।
ব্রিগেডের মঞ্চটিকে তিনটি অংশে ভাগ করা হচ্ছে। বাঁদিকের অংশে থাকছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চ, এখানে নাকি রাজ্যের মন্ত্রীরাও থাকবেন। মাঝের অংশে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল এবং ডান দিকে রাজ্য মন্ত্রিসভার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাকি দুটি হ্যাঙারে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু কেন্দ্রীয় হেভিওয়েট নেতা এবং বিশিষ্ট অতিথিদের বসার কথা ।




















