ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আগে এক অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত কাজ শুরুর আগে তিনি সোজা পৌঁছে যান টলিউডের মেগাস্টার তথা দলের অন্যতম শীর্ষ তারকা নেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাসভবনে। মহাগুরুর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বিনয়ের সঙ্গে জানান, জনগণের ভোট ও মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু তাঁর এই দীর্ঘ ও কঠিন রাজনৈতিক লড়াইয়ের নেপথ্যে মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুনদা বিগত এক বছর ধরে রাজ্যের দিকে দিকে ঘুরে অসংখ্য কর্মিসভা করেছেন। দলের নীচুতলার কর্মীদের চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি ঠিকই, তবে আমার এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর হলেন মিঠুনদা।” মুখ্যমন্ত্রীর মুখে এমন অকুণ্ঠ প্রশংসা শুনে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন।
এরপর শুভেন্দুর কাজের প্রশংসা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের জন্য শুভেন্দুর মতো এত ভাল মুখ্যমন্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। এর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী আর হবে না। শপথ নেওয়ার পর মুহূর্ত থেকে ইনি কাজ শুরু করেছেন। আগামী দিনে সকলে তাঁর কাজ দেখবেন।” এদিন মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করতে পারেন।










