ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ আইআরসিটিসি (IRCTC) এবার এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train) এই প্রথম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সফরে পাড়ি দিচ্ছে।
আগামী ১২ জুন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে এই বিশেষ যাত্রা শুরু হবে, যা পর্যটকদের নিয়ে পৌঁছবে প্রতিবেশী দেশ নেপালে। এই পদক্ষেপ ভারতীয় রেলের পর্যটন পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। ৯ রাত ১০ দিনের এই সফরে যাত্রীরা ইন্দোর ছাড়াও উজ্জয়িনী, সুজলপুর, সেহোর, রানি কমলাপতি, ইতারসি, নরসিংহপুর, জব্বলপুর, কাটনি এবং সাতনা স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন। নেপালে কাঠমান্ডু শহরে পশুপতিনাথ মন্দির দর্শন ছাড়াও এই প্যাকেজে রয়েছে পোখরা, চিতওয়ান জাতীয় উদ্যান এবং মনোকামনা মন্দির দর্শন। পর্যটকদের সুবিধার জন্য চিতওয়ান জাতীয় উদ্যানে জিপ সাফারি এবং মনোকামনা মন্দিরে রোপওয়ের ব্যবস্থা থাকছে।
১৪ কামরার সুদর্শন ভারত গৌরব ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি কামরার সুবিধা রয়েছে। দুটি কামরা কেবল রেস্তোরাঁ হিসাবে ব্যবহৃত হবে, যেখানে যাত্রীরা ট্রেনেই তাঁদের খাওয়াদাওয়া সারবেন। নেপালে থাকাকালীন সফরের ৫ দিন যাত্রীদের জন্য ৩ তারা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আশপাশের স্থানগুলি ঘুরে দেখার জন্য এসি বাসের বন্দোবস্ত থাকছে। সম্পূর্ণ সফরের জন্য ফার্স্ট এসি-তে মাথাপিছু ৯০ হাজার ৪০০ টাকা, সেকেন্ড এসি-তে ৭৬ হাজার ৫৫০ টাকা এবং থার্ড এসি-তে ৬২ হাজার ৭১০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এই ঐতিহাসিক যাত্রা ভারতীয় পর্যটন শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করবে।










