[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ রাজধানী দিল্লিতে এবার অটো ও ট্যাক্সির ভাড়া বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন অটো ও ট্যাক্সি চালকেরা। তাঁদের দাবি, জ্বালানি ও গাড়ির যন্ত্রাংশের খরচ যেভাবে বাড়ছে, তাতে বর্তমান ভাড়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। পরিবহণ ইউনিয়নগুলি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর আর্জি জানিয়েছে।

জানা গেছে, সম্প্রতি দিল্লিতে সিএনজি-র দাম কেজিতে ২ টাকা বেড়ে প্রায় ৮০ টাকার কাছাকাছি পৌঁছেছে। চালকদের অভিযোগ, গত এক বছরে এই নিয়ে তিনবার জ্বালানির দাম বাড়ল। শুধু জ্বালানি নয়, টায়ার, মোবিল সহ অন্যান্য যন্ত্রাংশের খরচও আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে ইউনিয়নগুলি নতুন ভাড়ার প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হলে সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বাড়বে। প্রস্তাবিত নতুন ভাড়া অনুযায়ী, অটোতে প্রথম দেড় কিলোমিটারের জন্য ৩০ টাকার বদলে ৫০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১১ টাকার বদলে ১৫ টাকা দিতে হতে পারে।

অন্যদিকে, ট্যাক্সিতে প্রথম ১ কিলোমিটারের জন্য ৪০ টাকার বদলে ৭০ টাকা এবং এসি ট্যাক্সিতে প্রতি কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে ৪০ টাকা করার দাবি জানানো হয়েছে। ইউনিয়নগুলির বক্তব্য, ২০২৩ সালের পর ভাড়ার তালিকা আর বদলানো হয়নি, অথচ খরচ বেড়েছে অনেকটাই। মেট্রো থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে দিল্লির লক্ষ লক্ষ মানুষ অটো-ট্যাক্সির ওপর নির্ভরশীল। ভাড়া বাড়লে তাঁদের চরম বিপাকে পড়তে হবে। সরকার এখনও এই বিষয়ে সবুজ সংকেত না দিলেও, পরিবহণ সংগঠনগুলি কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এখন বল সরকারের কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর