ব্যুরো নিউজ ১৬ই মে ২০২৬ঃ প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র ভিন্ন। সেখানে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এ বছর বর্ষা ২৬শে মে নাগাদ কেরালায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা আগে। তবে, বর্ষা আগমনের তারিখে সর্বোচ্চ চার দিনের ব্যবধান থাকতে পারে।
আগামীকাল রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










