ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ডে বিচার প্রক্রিয়া ঘিরে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানি এবার বিশেষ ডিভিশন বেঞ্চে হবে বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল। এর আগে সময়ের অভাবের কথা উল্লেখ করে পরপর দুটি ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ানোয় নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। প্রথমে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। পরে একই কারণ দেখিয়ে কয়েক দিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও শুনানি থেকে সরে দাঁড়ায়। এরপরই মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
নতুন বেঞ্চে রয়েছেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁরাই এবার আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি করবেন। বহু চর্চিত এই মামলার শুনানি নিয়ে আবারও নতুন করে নজর পড়েছে বিচারব্যবস্থার উপর। এই মামলার শুনানির সময় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সিবিআই-কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রয়োজন হলে অন্য সন্দেহভাজনদেরও জেরা করার কথা বলা হয়েছিল।
একই সঙ্গে নির্যাতিতার মা-বাবার জমা দেওয়া দুটি অতিরিক্ত হলফনামার ভিত্তিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সেই নির্দেশ মেনে গত মঙ্গলবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই। এই পরিস্থিতিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের ফলে মামলার পরবর্তী শুনানি কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। সরকার বদলের পর আরজি কর কাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি আরও জোরালো হয়েছে বিভিন্ন মহলে।










