[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার এক চাঞ্চল্যকর মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পুণের এক নামী কলেজের বটানি অধ্যাপিকা মণীষা মান্ধারেকে গ্রেফতার করেছে। অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশ্নপত্র নির্ধারণ কমিটির সদস্য হয়েও তিনিই নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন। সিবিআইয়ের দাবি, মণীষাই এই বায়োলজি প্রশ্ন ফাঁসের মূল চক্রী। এই গ্রেফতারি নিট কাণ্ডে এক নতুন মাইলফলক বলে মনে করা হচ্ছে।

কলেজ সূত্রের খবর, গত ৫-৬ বছর ধরে এনটিএ-র হয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন মণীষা মান্ধারে। ২০২৬ সালের পরীক্ষার জন্য বটানি এবং জুলোজি বিভাগের প্রশ্ন সেট করার দায়িত্বও ছিল তাঁর কাঁধেই। তদন্তকারীদের অনুমান, এই সুযোগ কাজে লাগিয়েই তিনি মোটা টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাচার করে দিয়েছিলেন। এর আগে গ্রেফতার হওয়া এই চক্রের পাণ্ডা তথা অবসরপ্রাপ্ত কেমিস্ট্রি প্রফেসর পিভি কুলকার্নিকে জেরা করেই মণীষার নাম সামনে আসে।

সিবিআই জানিয়েছে, এপ্রিল মাস জুড়ে মণীষা পুণেতে নিজের বাড়িতে নিট পরীক্ষার্থীদের নিয়ে গোপন ক্লাস করাতেন। সেই সময় তিনি বটানি এবং জুলোজি বিষয়ের বিভিন্ন প্রশ্ন ছাত্রছাত্রীদের সামনে ফাঁস করে দিতেন। শুধু মুখেই বলতেন না, সেই প্রশ্নগুলো পড়ুয়াদের খাতায় নোট করিয়ে দেওয়া হতো এবং তাঁদের টেক্সট বুকেও দাগিয়ে দিতেন। গত ৩ মে পরীক্ষার দিনে আসা অধিকাংশ প্রশ্নের সঙ্গে মণীষার দাগিয়ে দেওয়া সেই প্রশ্নগুলো হুবহু মিলে গিয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলায় এনটিএ-র স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সিবিআই মণীষাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, আশা করা হচ্ছে এই চক্রের আরও অনেকের নাম উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর