ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ পূর্ব রেলের তরফে ফের একবার গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার জেরে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে। রেলের উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৬ ও ১৭ মে, ২০২৬ তারিখে এই দুই ডিভিশনে মোট ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখার পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে এবং ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে সাবওয়ের কাজের জন্য ১৭ মে রবিবার ৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন হবে। এর ফলে ওই দিন কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা ৯১৮৬১ আপ সহ মোট ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার (৬৩১০৭ আপ) দেবগ্রাম পর্যন্ত সংক্ষিপ্ত যাত্রা করবে। লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার (৫৩১৮০ ডাউন) এক ঘণ্টা দেরিতে ছাড়বে।
অন্যদিকে, হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখায় সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ব্রিজ মেরামতির কাজের জন্য ১৬ মে দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন হবে। এর ফলে হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-কাটোয়া শাখায় মোট ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ১৬ মে দুপুর ২টোর পরিবর্তে রাত ৮টায় ছাড়বে এবং ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা টাউন থেকে সকাল ৬:০৫ মিনিটের পরিবর্তে বেলা ১২:০৫ মিনিটে ছাড়বে। এই আকস্মিক সিদ্ধান্তে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা উভয়ই সমস্যায় পড়েছেন। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা চেয়েছেন।










