ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ অন্ধ্রপ্রদেশ সরকার জনসংখ্যা হ্রাসের প্রবণতা রুখতে এক বড়সড় আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শনিবার জানান, এবার থেকে যে পরিবারে তৃতীয় সন্তান জন্মাবে, তাদের ৩০,০০০ টাকা এবং চতুর্থ সন্তান জন্ম নিলে ৪০,০০০ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার বজায় রাখা যাবে বলে সরকার আশাবাদী। এর আগে অন্ধ্রপ্রদেশ সরকার দ্বিতীয় সন্তানের জন্য ২৫,০০০ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণার পর এবার তৃতীয় ও চতুর্থ সন্তান প্রসব নিয়ে নতুন করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নাইডু। তিনি শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
জনসভায় উপস্থিত জনতার একাংশ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করলেও, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে চিন্তিত অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। পর্যবেক্ষকদের মতে, একসময় চন্দ্রবাবু নাইডু নিজেও অতিরিক্ত সন্তান গ্রহণ বা জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ছিলেন। তবে বর্তমানে রাজ্যের জনসংখ্যার ব্যাপক পতন আটকাতেই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই আর্থিক পুরস্কারের ফলে পরিবারগুলি সন্তান ধারণে উৎসাহিত হবে এবং রাজ্যের জনসংখ্যা স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণা রাজ্যজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।










