ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সুপার ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে সরকারি হাসপাতালের পরিষেবা, রোগী ভর্তি, দুর্নীতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ‘জিরো রিফিউজাল অফ পেশেন্টস’ নীতির উপর জোর দেন, অর্থাৎ কোনও রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না। রোগী পরিষেবায় গাফিলতি বা বেড/চিকিৎসার পরিকাঠামো না থাকার অজুহাতে রোগী ফেরানো চলবে না বলে তিনি স্পষ্ট জানান। স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিয়েছে সরকার। কাটমানি, দালালচক্র এবং অনৈতিক আর্থিক লেনদেনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। অসাধু চক্র সক্রিয় থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও সরকারি অ্যাম্বুলেন্সে জিপিএস বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে, যা জরুরি পরিষেবা দ্রুত ও স্বচ্ছ করবে। হাসপাতালের প্রতিটি স্তরে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে; চিকিৎসক, নার্স সহ সমস্ত কর্মীর বৈধ পরিচয়পত্র ৩১শে মে-র মধ্যে সম্পূর্ণ করতে হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সাম্প্রতিক প্রশ্নের আবহে মুখ্যমন্ত্রীর এই বৈঠক গুরুত্বপূর্ণ। সরকারি পরিষেবা ও প্রশাসনিক স্বচ্ছতাকে সামনে রেখেই নতুন সরকার স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে।










