ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কুখ্যাত ব্যবসায়ী সোনা পাপ্পু মামলায় শান্তনুর জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খবর, সিন্ডিকেটে মদত দেওয়া এবং বালি পাচার কাণ্ডেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তদন্তকারীরা মনে করছেন, হেফাজতে নিয়ে জেরা করলে সোনা পাপ্পু সংক্রান্ত বহু অজানা তথ্য সামনে আসবে।
দীর্ঘদিন ধরেই শান্তনুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছিল ইডি, কিন্তু তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আশঙ্কা করেছিল যে তিনি দেশ ছাড়তে পারেন, তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস পর্যন্ত জারি করা হয়েছিল। এরপর ইডি চিঠি পাঠিয়ে তাঁর বর্তমান কর্মস্থল ও দায়িত্ব জানতে চায়। গত ২৮ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটের আগের দিনও তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। তদন্তকারীরা জানান, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার কুখ্যাত ব্যক্তি সোনা পাপ্পুকে ঘিরে থাকা মামলার সূত্রেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল।
এই একই মামলায় ব্যবসায়ী জয় কামদারকে আগেই গ্রেফতার করেছে ইডি। গত মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে তল্লাশি চালানো হয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে সেই অভিযান। তল্লাশির পরদিনই শান্তনু এবং তাঁর দুই ছেলে সায়ন্তন ও মণীশকে নোটিস পাঠানো হলেও তাঁরা কেউই হাজিরা দেননি। একাধিক তলব এড়িয়ে বৃহস্পতিবার হঠাৎ করেই আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সেখানে দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।










