ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। গুমা ও অশোকনগর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। বহু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। রেল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তর ২৪ পরগনা ও কলকাতার কিছু অংশে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। মনে করা হচ্ছে, এই ঝড়-বৃষ্টির কারণেই ওভারহেড তার ছিঁড়ে যায়।
ঘটনার আকস্মিকতায় বনগাঁ, বামনগাছি, অশোকনগরগামী বহু যাত্রী মাঝপথে আটকে পড়েন। এমনকি বারাসত পর্যন্ত গিয়েও বহু যাত্রী শিয়ালদহের দিকে ফিরতে পারেননি। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। মাইকে ঘোষণা করে যাত্রীদের বিকল্প ব্যবস্থার কথা জানানো হচ্ছে। কিছু ট্রেন সিঙ্গল লাইন ধরে ধীর গতিতে চালানো হলেও, পরিষেবা এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বারাসাত জংশন থেকে কিছু ট্রেন ঘুরিয়ে শিয়ালদহের দিকে পাঠানো হচ্ছে। এই ঘটনায় শিয়ালদহ-বনগাঁ শাখার হাজার হাজার নিত্যযাত্রী গভীর রাতেও গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম অসুবিধায় পড়েছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে মেরামতির কাজ চলছে এবং যত শীঘ্র সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।










