কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু, ডিসেম্বরেই নতুন স্টেশন উদ্বোধন!

কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই নতুন স্টেশন উদ্বোধন! রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ কলকাতা মেট্রো: অবশেষে শুরু হতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। মেট্রো রেল সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই এই পুরনো স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরির প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন রূপে কবি সুভাষ মেট্রো স্টেশন উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ২৮ জুলাই স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তড়িঘড়ি স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় এবং বর্তমানে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। নতুন সরকারের অনুমোদন পাওয়ার পরই এই আটকে থাকা কাজটি গতি পেয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকেই স্টেশন ভাঙার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন স্টেশন চালু হলে আবারও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রীবাহী মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, যা নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর।

এদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজের চূড়ান্ত প্রস্তুতি এবং ব্লু লাইনের কিছু অংশের কাজের জন্য রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। শহীদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল বা ট্রেন ঘোরানোর সুবিধা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন এই স্টেশনে ক্রস ওভারের ব্যবস্থা ছিল না, যার ফলে ট্রেন ঘোরানো সম্ভব হত না। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের পর এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হচ্ছে।