গঙ্গা জলবণ্টন চুক্তি: ভারতের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই চুক্তির উপর, বার্তা ঢাকার

গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের দ্রুত পদক্ষেপের উপরই নির্ভর করছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ, স্পষ্ট বার্তা দিল ঢাকা। ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে চুক্তির।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের দ্রুত পদক্ষেপের উপরই নির্ভর করছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক। এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা। বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই ভারত ও বাংলাদেশের মধ্যেকার গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তি পুনর্নবীকরণ বা নতুন চুক্তি স্বাক্ষর না হলে দুই দেশের সম্পর্কে আবারও তিক্ততা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জলবণ্টন চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ দিক।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেতা তথা মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে গঙ্গা জলবণ্টন চুক্তি চূড়ান্ত করতে হবে। তাঁর মতে, এই চুক্তির উপরই ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে যাবে তা নির্ভর করছে। এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিতে দেরি হলে তা দুই দেশের মধ্যেকার সুসম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ওপার বাংলার মন্ত্রী আরও জানান, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে কেমন থাকবে, তা সম্পূর্ণভাবে গঙ্গা জলবণ্টন চুক্তির উপর নির্ভরশীল। তাই যত দ্রুত সম্ভব এ বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।

নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি কার্যকর রাখার দাবিও জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ জলবণ্টন ব্যবস্থা কোনো নির্দিষ্ট মেয়াদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল হওয়া প্রয়োজন। সব মিলিয়ে, দ্রুততার সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ, যা দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেবে।