অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দায়ের দ্বিতীয় FIR

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে দ্বিতীয় FIR দায়ের করলেন প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। অভিযোগ, অভিষেকের মদতেই এই দুর্নীতি।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে দ্বিতীয় এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগ এনেছেন দলেরই প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এর আগে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়েছিল। এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অ্যাডিশনাল জোনাল মিতুন কুমার দে-র বিরুদ্ধে থানায় ক্ষোভ উগড়ে দিলেন। এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গিয়াসউদ্দিন মোল্লার দাবি, মিতুন কুমার দে পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান, পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির প্রতিটি দপ্তরের টিকিট পাইয়ে দিতেন। তাঁর অফিসে বসেই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এমনকি এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর এবং থানার মধ্যে শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি। প্রতিবাদ করেও কোনো ফল মেলেনি, উল্টে মিতুন কুমার দে তাঁকে ধমক দিয়েছিলেন। গিয়াসউদ্দিনের অভিযোগ, এই সমস্ত দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন এবং তাঁর মদতেই মিতুন কুমার দে এই কাজ করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেও কোনো সুরাহা মেলেনি। মিতুন কুমারের দ্রুত পদোন্নতির পিছনেও অভিষেকের হাত ছিল বলে তিনি দাবি করেন।

প্রাক্তন বিধায়ক আরও জানান, বর্তমানে তিনি শুভেন্দু অধিকারীর উপর ভরসা রেখেই এফআইআর দায়ের করতে এসেছেন। এতদিন দলের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি এবং আতঙ্কের মধ্যে ছিলেন। তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনা তৃণমূলের অন্দরেও নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।