ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ পূর্ব বর্ধমানের কাটোয়ায় একুশ বছরের এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার রাতে মুলটি গ্রামে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে প্রাণ হারান শাহিদ মিদ্দা নামের ওই তরুণ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ শাহিদ তাঁর দুই বন্ধুর সঙ্গে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় আচমকা পিছন দিক থেকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক কোপ মারতে শুরু করে তারা। ঘটনার আকস্মিকতায় শাহিদের দুই বন্ধু প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শাহিদের আর্তনাদ শুনে এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহিদ মিদ্দার। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শাহিদের সঙ্গে থাকা দুই বন্ধুকে আটক করেছে।
মৃতের দাদা আব্দুল্লা মিদ্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহিদ কাটোয়া কলেজের ছাত্র ছিলেন এবং খুবই শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তাঁর কারও সঙ্গে কোনও শত্রুতা বা রাজনৈতিক যোগ ছিল না। তিনি পড়াশোনার পাশাপাশি চাকরির চেষ্টা করছিলেন। পরিবারের সদস্যরা এই খুনের কারণ নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। কী কারণে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।










